রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমান বাংলাদেশে পৌঁছেছে। রাশিয়া থেকে রওনা হয়ে ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালান বুঝে নেওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় রাতেই তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার কথা রয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, জ্বালানিবাহী বিমানটি ঢাকায় পৌঁছানোর পর ইউরেনিয়ামের চালান রূপপুরে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনীর নিরাপত্তায় চালানটি রূপপুরে পৌঁছানো হবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুটি পরীক্ষা সফল হয়েছে। তবে তৃতীয় ভালভের পরীক্ষায় প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। সেটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. কবির হোসেন।
চ্যানেল টোয়েন্টিফোরকে তিনি বলেন, এটি বড় কোনো সমস্যা নয়। মূল বিষয়টি ইতোমধ্যে সমাধান করা হয়েছে এবং তৃতীয় ভালভের বিষয়টিও দ্রুত সমাধান হয়ে যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন শুরুর দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর