মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে। মাসব্যাপী সিয়াম সাধনা, ইবাদত-বন্দেগি, সংযম ও আত্মশুদ্ধির পর খুশির বার্তা নিয়ে এসেছে এই মহিমান্বিত দিন।
ঈদকে ঘিরে দেশের শহর ও গ্রামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন পোশাক পরে পরিবার-পরিজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন সবাই। সকাল থেকেই ঈদগাহ ময়দান ও মসজিদগুলোতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মুসল্লিদের ঢল নামে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও সকাল সাড়ে ৬টা থেকে জামাত শুরু হয়। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং দুনিয়া-আখেরাতের কল্যাণ কামনা করেন।
চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ে জানা যায়, বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ দিন রমজান পূর্ণ হয়। পরবর্তীতে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে আজ শনিবার দেশজুড়ে ঈদ উদযাপিত হচ্ছে।
ঈদ উপলক্ষে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, যা আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
এছাড়া ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
ঈদ উপলক্ষে ইতোমধ্যে ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে অনেক মানুষ গ্রামের বাড়িতে গেছেন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
সাজু/নিএ
সর্বশেষ খবর