জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ (মিষ্টির আসন)–এর উপনির্বাচনে প্রার্থীদের ফৌজদারি মামলাসংক্রান্ত তথ্য যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাইয়ের দিন এসব তথ্যসহ মতামত দিতে মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তাকে ইসিতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। ইতোমধ্যে সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
ইসির যুগ্মসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো.মঈন উদ্দীন খানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং বাছাই হবে ২৭ অক্টোবর। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত এবং মুক্তির পর পাঁচ বছর অতিবাহিত না হওয়া ব্যক্তি সংসদ সদস্য হওয়ার অযোগ্য।
এমন ব্যক্তিদের প্রার্থিতা যাচাইয়ে ২৬ অক্টোবর বিকেল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠাবে ইসি। তালিকা যাচাই করে ২৭ অক্টোবর বাছাইয়ের দিন মতামতসহ একজন কর্মকর্তাকে ইসি সচিবালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ে মতামত না পেলে তালিকাভুক্ত প্রার্থীদের ওই বিধান অনুযায়ী অযোগ্য নন বলে গণ্য করা হবে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর