পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরেই উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এই আয়োজন যেন ছুটির আনন্দকে আরও একবার ছড়িয়ে দেয় সবার মাঝে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক আনন্দঘন ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফিরে কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ঈদের ছুটি নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন। উৎসবের আমেজ ও সুন্দর পরিবেশের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, "এবারের ঈদটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।"
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উপস্থিত না থাকলেও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ, নির্বাচন কমিশনার তাহমিদা বেগম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই পুনর্মিলনীতে মিলিত হন।
উৎসবে আমেজে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। ছুটির পর পুরোনো সহকর্মীদের কাছে পেয়ে সবার মুখেই ছিল আনন্দের ছাপ।
সংশ্লিষ্টরা মনে করেন, এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। সেই সঙ্গে নতুন উদ্যমে ও উদ্দীপনা নিয়ে কাজের প্রতি মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে এই আয়োজন।
এদিকে শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ জানান, কমিশন শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করবে। এ সময় কমিশনার আবদুর রহমানেল মাসউদ যোগ করেন, "এ বিষয়ে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নেতৃবৃন্দের সঙ্গেও আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব।" এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর