ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গঠিত একটি বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র থেকে স্পেনকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। এই কেন্দ্রটি ইসরায়েলের কিরিয়াত গাত এলাকায় স্থাপিত হওয়ার পর থেকে গাজায় যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করে আসছে।
শুক্রবার (১০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ইসরায়েলের ইরানে আগ্রাসন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নীতি এবং লেবাননে তাদের প্রাণঘাতী বোমা হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে স্পেনের তীব্র সমালোচনার মধ্যেই এই পদক্ষেপটি নেয়া হলো।
এর কারণ হিসেবে নেতানিয়াহু জানান, স্পেন বারবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় এবং ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে কঠোর সমালোচনা করায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি স্পেনের বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী ও নীতিমালা নিয়ে অপবাদ দেয়ারও অভিযোগ তোলেন।
নেতানিয়াহু বলেন, ‘যারা আমাদের ওপর হামলা করে, তাদের সামনে ইসরায়েল চুপ থাকবে না। স্পেন আমাদের বীর, বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী আইডিএফ সেনাদের অপমান করেছে। অতএব, স্পেন বারবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়ার পর, আমি আজ কিরিয়াত গাতের সমন্বয় কেন্দ্র থেকে দেশটির প্রতিনিধিদের সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছি।’
স্পেনের সমালোচনা করে ও তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এই ভণ্ডামি এবং শত্রুতা সহ্য করতে রাজি নই। আমি কোনো দেশকে তাৎক্ষণিক মূল্য পরিশোধ ছাড়া আমাদের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ শুরু করার সুযোগ দিতে চাই না।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর