পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার মাছ বাজারে এবং দেশের বৃহত্তম পাইকারি ইলিশ বাজার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে চরম ইলিশ সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেলের ঘাটতির কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না অধিকাংশ ফিশিং বোট। ফলে বাজারে সামুদ্রিক ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে।
জেলে ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এই সময়টিতে বাজারে ইলিশের ব্যাপক সরবরাহ থাকলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বৈশাখ উপলক্ষে চাহিদা কয়েকগুণ বেড়েছে, কিন্তু সরবরাহ প্রায় শূন্যে নেমে এসেছে। এতে করে নদীর ইলিশই এখন একমাত্র ভরসা, আর সেই ইলিশ বিক্রি হচ্ছে অস্বাভাবিক উচ্চ দামে।
বর্তমানে এক কেজি ওজনের ইলিশের মণ বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম উঠেছে ১ লাখ ১৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়। ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ হাজার টাকায়। এমনকি জাটকাও বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ হাজার টাকা মণ দরে। পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার ও ফিশিং মার্চেন্ট মোস্তফা আলম জানান, সকালে সাগর থেকে আসা একটি ট্রলারে কিছু ছোট আকারের ইলিশ পাওয়া গেলেও সেগুলো কয়েকদিন আগে ধরা হওয়ায় তুলনামূলক কম দামে, প্রতি মণ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বরগুনা ও পাথরঘাটা বিএফডিসি মার্কেটের একাধিক আড়তদার জানান, সরবরাহ সংকটের কারণে তাদের বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রতিবছর এই সময়ে যেখানে জমজমাট ব্যবসা থাকে, সেখানে এবার তারা লোকসানের মুখে পড়ছেন। জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আগামী ইলিশ মৌসুমেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না গেলে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই মাছের বাজারে সংকট আরও তীব্র হতে পারে। বৈশাখের আমেজেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর