জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার বিকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্তর গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, সদর উপজেলা আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড.হাবিবুর রহমান ও ঝিনাইদহ জেলা এনপিপির সদস্য সচিব শামসিল আরেফীন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঝুলিয়ে রাখা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মোঃ আবুবকর বলেন,জনগণের রায়ই গণতন্ত্রের মূল ভিত্তি। সেই রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশের মানুষ রাজপথে নেমে তাদের ন্যায্য অধিকার আদায় করে নেবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা এনপিপির সদস্য সচিব শামসিল আরেফীন কায়সার বলেন, গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা বাস্তবায়নে কোনো গড়িমসি জনগণ মেনে নেবে না। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে হলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল। তিনি বলেন, ১১ দলীয় ঐক্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর