চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগরে যুবদলের বিক্ষোভ মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ২৮টি মোটরসাইকেল ভাঙচুর, কয়েকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া এবং একটিতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সদস্য মো. আকিব গণমাধ্যমকে বলেন, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় অতিক্রমের সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আমাদের কয়েকজন যুবদল-ছাত্রদল আহত হয়েছেন। তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনার জন্য স্থানীয় কয়েকটি বাড়ির লোকজন জড়িত উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দাবী জানান৷
এদিকে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডি২৪লাইভকে জানিয়েছেন, স্থানীয় যুবলীগ নেতার বাড়িতে হামলা করতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েছিল যুবদলের নেতা-কর্মীরা। তবে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল ও যুবদলের নেতারা এসব অভিযোগ অস্বিকার করে বলেন, "আমাদের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে চলন্ত অবস্থায় ছিল৷ সন্ত্রাসীরা আমাদের গতিরোধ করে আতর্কিত এই হামলা চালিয়েছে৷"
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আমাদের একাধিক ফোর্স ঘটনাস্থলে অবস্থান করছে ৷ হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর