শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগি আক্তার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ৭নং নালিতাবাড়ী সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। নিহত সোহাগি ওই এলাকার চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, তাদের বিয়ে হয়েছে মাত্র তিন মাস আগে। হঠাৎ করে এমন ঘটনা কেন ঘটলো, এখনো এ বিষয়ে কিছু জানা যায়নি। খবর পাওয়ার পর বিভিন্নজনের কাছে জানতে চেয়েছি। কিন্তু সঠিক কারণ কেউ বলতে পারেনি। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে।
নিহতের বাবা সুন্দর আলী বলেন, গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দিয়ে আমরা ঢাকায় চলে আসি। আমরা ঢাকাতেই থাকি। মেয়েও ঢাকায় থাকতো। গ্রামে বিয়ে দিয়েছি যেন খোঁজখবর রাখা যায়। শনিবার রাতেও মেয়ে ও জামাইয়ের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিন আগে শুনেছি ওর শাশুড়ির সঙ্গে আলাদা হয়েছে। আমার জামাই ভালো মানুষ। কীভাবে কী হলো বুঝতে পারছি না। আমি ঢাকায় থেকে বাড়ির পথে রওনা হয়েছি, গিয়ে বিস্তারিত বলতে পারবো।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর