কুমিল্লার দেবীদ্বারের জনগণের স্বার্থে কুমিল্লা-সিলেট মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়ে জাতীয় সংসদে ‘রাস্তা ভিক্ষা’ চেয়েছেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে হাসনাত এ দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনি এলাকা দেবিদ্বারের কুমিল্লা-সিলেট সংযোগ সড়কটি যথাযথ চওড়া না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সিলেট-চট্টগ্রাম যাতায়াতের একমাত্র এই রাস্তা মাত্র ১৮ ফুট প্রশস্ত। রাস্তা যথাযথ প্রশস্ত না হওয়ায় এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারি না। লোকজন আমাকে বেঁধে রাখবে। এলাকার মানুষের স্বার্থে রাস্তাটি ভিক্ষা চাই।
তিনি বলেন, যেই মুহূর্তে আমাকে কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, সেই মুহূর্তে আমার দেবিদ্বারে তিনজন তরতাজা মানুষ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। এখন তাদের জানাজার প্রস্তুতি নেয়া হচ্ছে। এটা দেবিদ্বারের প্রতিনিয়ত ঘটনা।
একধরনের প্রশাসনিক জটিলতায় দীর্ঘ ১০ থেকে ১২ বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না উল্লেখ করে হাসনাত বলেন, বাংলাদেশে কোনো সড়ক নেই, যেটা দুটি বিভাগীয় সড়ককে যুক্ত করেছে, কিন্তু সেই রাস্তার প্রশস্ত হচ্ছে মাত্র ১৮ ফুট। কুমিল্লা ও সিলেট মহাসড়ক, যেটি ময়নামতি-দেবিদ্বার-জাফরগঞ্জ-কংশনগর হয়ে ব্রাহ্মণপাড়া কুটি চৌমুহনী গিয়েছে। এই রাস্তা একটা মহাসড়ক। যে রাস্তা দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত এবং যেটা দুইটা উপজেলাকে—ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং দেবিদ্বারকে সংযুক্ত করেছে। চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়া-আসার একমাত্র রাস্তা, যার প্রশস্ত মাত্র ১৮ ফুট। এই রাস্তা দিয়ে প্রতিদিন.. এটা মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। দেবিদ্বার বুড়িচং অংশে প্রতিদিন মৃত্যুর মিছিল। এই সড়কে দুর্ঘটনায় কেবল চলতি মাসেই ২৩ জন মানুষ মৃত্যুবরণ করেছে।’
স্পিকারের উদ্দেশে হাসনাত বলেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মন্ত্রী মহোদয় যদি একটা রুলিং দিতেন, এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেন। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। এই রাস্তাটাকে প্রশস্তকরণের দ্রুত ব্যবস্থা নেবেন।
জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল এ বিষয়ে ৭১ বিধিতে নোটিশ করার কথা বলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর