ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাইয়ে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ বিভিন্ন সেবাখাতের বকেয়া বিল খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে বিল খেলাপীদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাই করে বকেয়া বিল পরিশোধে ব্যর্থদের প্রার্থিতা বাতিলের বিধান কার্যকর করা হবে বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
বিল খেলাপীদের তথ্য দিতে ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান ইতিমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড/বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন
বোর্ড/ডিপিডিসি লিঃ (সাবেক ডেসা)/ডেসকো/ঢাকা ওয়াসা/চট্টগ্রাম ওয়াসা/বিটিসিএল/তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেড/বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড/ জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডকে চিঠি পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২২-২৩ এপ্রিল বাছাই করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের (ঢ) দফা অনুসারে কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন যদি তিনি মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হন।
বিল পরিশোধে ব্যর্থ ব্যক্তিগণ যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন তার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ অর্থাৎ ২১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ টার পরপর মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংশ্লিষ্ট সংস্থাকে প্রদান করা হবে। প্রেরিত তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২২-২৩ এপ্রিল মতামত/তথ্যসহ মনোনয়নপত্র বাছাইয়ের দিন সংশ্লিষ্ট সংস্থা/কর্তৃপক্ষ থেকে এক জন উপযুক্ত কর্মকর্তা প্রেরণ করা প্রয়োজন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬শে এপ্রিল আপিল আবেদনের শেষ সময়। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯শে এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০শে এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর