বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার অনুরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এ অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নয়াদিল্লি-তে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, “আমরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।
রণধীর জয়সওয়াল আরও বলেন, বিষয়টি নিয়ে ভারত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় পারস্পরিক অংশীদারিত্ব আরও গভীর করার বিভিন্ন প্রস্তাবও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা অব্যাহত রয়েছে। উভয় পক্ষের বিস্তারিত অবস্থান জানার জন্য শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু ছাড়াও সীমান্ত পরিস্থিতিসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর