নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি উত্তর ফসলের মাঠে নেমে এসেছে চরম হতাশা। এক রাতের ব্যবধানে সেখান থেকে সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাঠে পোলে স্থাপিত সেচ মোটরের ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। সকালে কৃষকরা জমিতে গিয়ে ট্রান্সফরমারগুলো না পেয়ে হতভম্ব হয়ে পড়েন।
স্থানীয় কৃষকদের দাবি, এই ট্রান্সফরমারগুলোই ছিল তাদের ফসলের একমাত্র ভরসা। বোরো মৌসুমে সেচের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় শেষ সময়ে ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
ভুক্তভোগী কৃষকরা জানান, একটি ট্রান্সফরমারের মূল্যই অনেক, সেখানে একসাথে ৬টি চুরি হওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তারা দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপজেলা ব্যাপি ঘটে যাওয়া এমন ঘটনার বেশ কিছু লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর