টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
রবিবার (৪ অক্টোবর) রাত একটার দিকে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম ও হেলাল মিয়া (৪২)। তাদের মধ্যে হেলাল মিয়া বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।
এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যান থেকে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-১৪-এর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। পরে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর