গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবন, মাদক ব্যবসা এবং নেশাগ্রস্ত হয়ে বাবা-মাকে নির্যাতনের অভিযোগে পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার উপজেলার দেওপাড়া ও কাপাইশ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধীদের এই দণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, প্রথম মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন দেওপাড়া (০৯ নং ওয়ার্ড) এলাকার খোকন দত্তের ছেলে সৈকত দত্ত (২০)। স্থানীয়দের অভিযোগ ও প্রসিকিউশনের তথ্যানুযায়ী, সৈকত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। কেবল এলাকায় নয়, নেশার টাকার জন্য তিনি নিজ বাবা-মাকেও শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতন করতেন। মাদক সেবন ও পারিবারিক শান্তি বিঘ্নিত করার অপরাধে তাকে 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮' এর ৩৬(৫) ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
অন্যদিকে, একই আইনের অন্য এক মামলায় জাকির (৩৮) নামে এক ব্যক্তিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জাকির উপজেলার শিবপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তাকে ০১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককালে মাদক কারবার ও সেবনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়। তবে অভিযানে কোনো প্রকার অর্থদণ্ড প্রদান করা হয়নি।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো: জহিরুল ইসলাম। এছাড়াও আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা সংবাদকর্মীদের জানান, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূল এবং পারিবারিক শান্তি বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে প্রেরণের জন্য কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর