রংপুর নগরীর শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষ থেকে অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে ১৯ জন তরুণী এবং ১৬ জন তরুণ রয়েছেন। তারা সবাই বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সিনেমা হলের দুইজন কর্মচারীকেও আটক করা হয়েছে।
সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।
তিনি বলেন, শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় ছোট ছোট কক্ষ তৈরি করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল। সিনেমা চলাকালীন সময়ে এসব কক্ষ ভাড়া দেওয়া হতো এবং সেখানে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী ব্যক্তিরা যেতেন বলে অভিযোগ পাওয়া যায়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে সিনেমা হলের কর্মচারীরা বাধা দেয়। পরে বাধা অতিক্রম করে পুলিশ ভেতরে প্রবেশ করে এবং ঘটনাস্থল থেকে ৩৭ জনকে আটক করে। অভিযান চলাকালে তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুছলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, এ অভিযানে হলের সিনেমা দেখতে আসা কোনো দর্শককে আটক করা হয়নি। সিনেমা হলের বাইরে অর্থাৎ তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় যাদের পাওয়া গেছে শুধু তাদেরই আটক করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নগরীতে যে কোনো অসামাজিক কাজ ও আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। এটি অব্যাহত থাকবে।
এর আগে, গত ১৫ এপ্রিল বুধবার রাতে নগরীর স্টেশন রোড শাপলা ব্রিজ-সংলগ্ন ড্রিমল্যান্ড আবাসিক হোটেল এণ্ড রেস্টুরেন্ট থেকে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জনকে আটক করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর