নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
পুলিশ জানায়, হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের দুই সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পারভেজ স্থানীয় বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ঘরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে রাত ৮টার দিকে বাড়িতে ফেরেন। তার কাছে গরু বিক্রির প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই টাকা লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। ডাকাতির পর পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় তারা পরিবারের চারজনকেই হত্যা করে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালংকারও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত পপি খাতুনের কানের দুল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
ওসি মাহবুবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর