আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, বিচার বিভাগের দুর্নীতির মূল উৎপাটনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে অনেকেই মাসদার হোসেন মামলার উদাহরণ দেন, তবে সেই উদাহরণের মতো দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা গড়ে তোলার কোনো ইচ্ছা সরকারের নেই। বরং বিচার বিভাগের ভেতরে থাকা দুর্নীতির শিকড় সম্পূর্ণভাবে নির্মূল করতে চায় সরকার।
শুক্রবার (২৪ এপ্রিল) যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি আশ্বস্ত করেন, প্রতিটি আইন ভালোভাবে যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, অনেকে দাবি করছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে, কিন্তু বাস্তবে বিএনপি তাদের রাজনৈতিক চেতনায় জুলাই সনদ ধারণ করে। তবে তিনি উল্লেখ করেন, জুলাই সনদ আদেশের কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই এবং ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারি করার ক্ষমতাও আর বিদ্যমান নেই।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এর আগে আইনমন্ত্রী বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর