• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৫:২৪ বিকাল

কলেজ শিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী

ছবি: সংগৃহীত

ডিগ্রি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা উপেক্ষা করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি কলেজে পুলিশের উপস্থিতিতেই দফায় দফায় হামলা, ভাঙচুর এবং শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত। ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে তিন দফায় এই হামলার ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষিকা আলেয়া খাতুন হীরা বিএনপি নেতা শাহাদত আলীকে চড় মারছেন। পরে এর প্রতিক্রিয়ায় শাহাদত আলী তাকে স্যান্ডেল দিয়ে মারধর করেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকা শাহাদত আলীকে শার্ট ধরে মাঠে নিয়ে গিয়ে মারছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। এর মধ্যেই স্থানীয় জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি শাহাদত আলী এবং বিএনপি নেতা আব্দুস সামাদসহ ৭–৮ জনের একটি দল অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে।

তারা সেখানে একটি ইসলামি জলসার নামে চাঁদা দাবি করেন এবং একপর্যায়ে কলেজের পূর্ববর্তী আর্থিক হিসাব জানতে চান। এ নিয়ে তাদের সঙ্গে শিক্ষকদের তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় শিক্ষিকা আলেয়া খাতুন হীরা ঘটনাটি মোবাইলে ধারণ করতে গেলে শাহাদত আলী তাকে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষিকা তাকে চড় মারেন। পরে শাহাদত আলী স্যান্ডেল খুলে তাকে মারধর করেন।

এর কিছুক্ষণ পর আরও কয়েকজন নেতাকর্মী এসে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের ওপর হামলা চালায়। কলেজের মাঠে ওই শিক্ষিকাকে আরও একজনকে মারধর করতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলাকারীরা অফিস কক্ষে ভাঙচুর চালায় এবং কয়েকজন শিক্ষকের মোবাইল ফোনও ভেঙে ফেলে।

আহত শিক্ষকরা অভিযোগ করেন, জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী, একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আফাজ আলী, ইউনিয়ন বিএনপি নেতা ও মৎস্য ব্যবসায়ী শাহাদত আলী, জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আলী, চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলী, জয়নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুস্তম আলী, ছাত্রদল নেতা জামিনুর ইসলাম জয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী হামলায় অংশ নেন।

এদিকে বিএনপি নেতাকর্মীদের আহতরা হলেন- অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা এবং রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের মধ্যে অধ্যক্ষ রাজ্জাক এবং প্রভাষক হীরাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হীরার মুখ, দুই হাত ও ঘাড়ে আঘাত রয়েছে। ডান হাতের দুটি আঙুল ভেঙে গেছে। আর অধ্যক্ষের মাথায়, নাক এবং কপালে প্রচণ্ড আঘাত রয়েছে। 

প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, বিভিন্ন সময় কলেজে এসে বিএনপি নেতাকর্মীরা হিসাব চাইতেন। চাঁদা দাবি করতেন। বৃহস্পতিবারও চাঁদার জন্য এসেছিলেন। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি।

অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নেতা শাহাদত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজ শিক্ষিকা হীরা জনসম্মুখে আমার গায়ে প্রথমে হাত তুলেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। পরে আমি তাকে জুতা দিয়ে আঘাত করছি।

এ বিষয়ে বিএনপি নেতা আকবর আলীর দাবি, কলেজের আগের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে উলটো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বৃহস্পতিবার মূলত স্থানীয় দুই মসজিদে মিলাদ মাহফিলের জন্য কিছু আর্থিক সহযোগিতা চাওয়ার জন্য আমরা অধ্যক্ষের কাছে যাই। 

তিনি অভিযোগ করেন, শিক্ষিকা হীরা প্রথমে আমাদের ওপর দুই দফা হামলা করেছেন। তারপর হয়ত আমাদের নেতাকর্মীরা তার ওপর কিছুটা ক্ষিপ্ত হয়েছেন। এখন বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে।   

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, চার মাস আগে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন গ্রুপ আমার কাছে চাঁদা দাবি করছে। আমি এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত ঘটে।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করেছে। তবে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, কলেজে দীর্ঘসময় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কলেজের জমি এবং গাছ বিক্রিসহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন তিনি। সেই সময়ের হিসাব চাইলে কলেজ কর্তৃপক্ষ আমাদের দেননি। উলটো আমাদের ভয়ভীতি দেখান। এমনকি ঘটনার দিনে কলেজের শিক্ষিকা হীরা প্রথমে আমাদের উপর হামলা করে এবং কয়েকজন নেতাকর্মীকে চড়-থাপ্পড় মারেন। যার ফলশ্রুতিতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষককে মারধর করেছে এবং অফিস কক্ষ অফিস ভাঙচুর করেছে। 

এদিকে কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের দায়ে বিএনপি নেতা আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com