পাবনার সুজানগর উপজেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তবে তারা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সমর্থক বলে জানা গেছে।
ওসি মোজাফফর হোসেন জানান, অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে মথুরাপুর এলাকায় একটি চক্রের জমায়েতের গোপন তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হলে সংশ্লিষ্টরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে রাতভর অভিযান চালিয়ে এলাকার বিভিন্ন স্থান থেকে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
অভিযোগ রয়েছে, আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ও নেতাকর্মীরা পলাতক থাকলেও সম্প্রতি সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব ও তার সমর্থকরা ওই এলাকায় সক্রিয় হবার চেষ্টা করছেন। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন এবং আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন দিবস ও কর্মসূচিও পালন করার চেষ্টা করতে দেখা গেছে।
সম্প্রতি পাবনা জজ কোর্টে হাজিরা দেওয়ার পর কোর্টচত্তরে একাধিকবার জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর