• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:২৬ রাত

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাবির উপাচার্য।

শুক্রবার উপাচার্য কার্যালয়ের সংলগ্ন আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি সম্বলিত একটি অভিযোগপত্র জমা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলায় জড়িত শিক্ষার্থীদের দ্রুত বহিষ্কার ও তদন্ত শেষে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করা, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ বাতিল করা এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া।

অভিযোগপত্রে ১২ জন অভিযুক্তের নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হামলার শিকার হবেন—এটি অনাকাঙ্ক্ষিত। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি ফেসবুক-সংক্রান্ত বিষয় তদন্ত করবে এবং অন্যটি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির নির্দেশনা দিয়েছেন। কমিটিতে কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ ও এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং ঢাবি শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে সমিতির সভাপতি ও কা লের ক ণ্ঠের সাংবাদিক মানজুর হোসেন মাহি এবং সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের সাংবাদিক লিটন ইসলামসহ অন্তত ১০ জন আহত হন। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, এর আগের দিনও বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তাদের হেনস্তা ও হুমকি দেওয়া হয়েছিল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com