কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দামী গাড়িতে করে গাঁজা পাচারকালে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাত আনুমানিক ৫টা ৪৫ মিনিটে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে মাঈন উদ্দিন সরকার বাড়ির পাশের একটি ব্রিজসংলগ্ন কাঁচা রাস্তা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি সাদা রঙের পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির সিট ও কার্গো অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ অভিযানে এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই মো. কামরুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় মাদক পরিবহনে জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তবে তাদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি ফারুক হোসেন জানান, এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-২১(০৪)২৬)। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের উৎস, গন্তব্য ও জড়িত চক্রের মূল হোতাদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর