লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। রোববারের এই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেই সঙ্গে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫-এ। পাশাপাশি তাঁর অ্যাসিস্ট ১৫টি। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
ম্যাচের ৪৫ মিনিটে হেরমান বেরতেরামের গোলে এগিয়ে যায় মিয়ামি। ওই গোলে মেসির ছিল সেকেন্ডারি অ্যাসিস্ট। বিরতির পর ৫৬ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। চার মিনিট পর পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় আরও নিশ্চিত করেন মেসি।
এই পারফরম্যান্সে এমএলএস গোল্ডেন বুটের দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। পাশাপাশি টানা তৃতীয়বার ল্যান্ডন ডোনোভান এমভিপি পুরস্কার জয়ের সম্ভাবনাও জোরালো করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এ জয়ে টানা তৃতীয় ম্যাচে জয় পেল ইন্টার মিয়ামি। শেষ তিন ম্যাচে দলটি করেছে ৯ গোল, বিপরীতে হজম করেছে মাত্র একটি। সপ্তাহের মাঝামাঝি প্লে-অফ নিশ্চিত করা গতবারের চ্যাম্পিয়নরা এখন ইস্টার্ন কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা পাওয়ার অবস্থানও শক্ত করেছে তারা।
এবার মিয়ামির সামনে আরও বড় লক্ষ্য—টানা দ্বিতীয়বার এমএলএস কাপ জেতা। ২০১১ ও ২০১২ সালে এলএ গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে এই কীর্তি গড়তে চায় মেসির দল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর