ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর ৭ বছর বয়সী শিশু আইরিন আক্তার বিনা (কবিতা)-র লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে কোতয়ালী থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার বাসিন্দা বাকা মিয়া বিশ্বাসের মেয়ে আইরিন গত ২৪ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হয়। পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর ৩০ এপ্রিল সকালে একটি কলাবাগান থেকে পঁচাগলা লাশ উদ্ধার করা হয়, যা পরিবার আইরিনের বলে শনাক্ত করে। তদন্তে নেমে পুলিশ ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইসরাফিল প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে হত্যা করে এবং লাশ গোপন করে। পরে নাছিমা বেগম ও তার ছেলে শেখ আমিন লাশ সরিয়ে দূরের একটি কলাবাগানে ফেলে আসে। ঘটনাস্থল থেকে ভিকটিমের কাপড়, স্যান্ডেল, প্লাস্টিকের ড্রাম ও একটি কম্বল উদ্ধার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর