• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৩ মিনিট পূর্বে
নূর-ই-আলম সিদ্দিক
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৭:৪৩ বিকাল

কুড়িগ্রামে ভিডিও কলের মাধ্যমে নামজারি সেবা, খুশি চরের মানুষ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস ভিডিও কলের মাধ্যমে নামজারি সেবা চালু করেছে। দুর্গম চরের মানুষের হয়রানি ও ভোগান্তি কমাতে 'ভূমি মেলা ২০২৬' অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এই সেবাকার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলীয় নারায়ণপুর ইউনিয়নের মানুষদের জন্য এই সেবা চালু করা হয়েছে। এর ফলে ভোগান্তি কমার পাশাপাশি কমবে সময় ও খরচ, যা ইউনিয়নের সাধারণ মানুষকে আনন্দিত করেছে।

নারায়ণপুর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে এরশাদুল হক জানান, তিনি তাঁর ইউনিয়ন ভূমি অফিস থেকে ভিডিও কলের মাধ্যমে তাঁর ৫৬ শতক জমির কাগজপত্র উপজেলা ভূমি অফিসে দেখিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে নামজারি করেছেন। তিনি আরও বলেন, তাঁর এলাকা থেকে উপজেলায় যেতে-আসতে পুরো একদিন লেগে যায় এবং অনেক সময় কাজ শেষও হয় না। এই সেবা পেয়ে তিনি কোনো ভোগান্তি ছাড়াই নামজারির কাজ করতে পেরেছেন।

একই এলাকার আহম্মদ আলীর ছেলে কয়ছার আলী জানান, ১৬ শতক জমির আবেদন করার পর নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিতে এলে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ভিডিও কলের মাধ্যমে কাগজপত্র দেখে তাঁর আবেদন মঞ্জুর করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে সেবা পেয়ে অনেক খুশি এবং তাঁর সময়, অর্থ ও শ্রম সবদিক থেকেই উপকৃত হয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি-নির্ভর করতে সরকার ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করছে। এর অংশ হিসেবে নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে মানুষ দ্রুততম সময়ের মধ্যে হয়রানি ছাড়াই এই সেবা গ্রহণ করতে পারে।

এই সেবাকার্যক্রম উদ্বোধনের আগে নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়। সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ। পরে উপজেলা প্রশাসন স্কুলে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসূল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিয়া, উপজেলা ভূমি অফিসের কানুনগো অলক কুমার প্রাং, সার্ভেয়ার রবিউল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম, নেওয়াশী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদ রানা, সন্তোষপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদ আলম, রামখানা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন, কম্পিউটার অপারেটর নাঈম প্রামাণিকসহ অনেকে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]