ফরিদপুরের নগনান্দা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার (২৪ মে) সকালে ফরিদপুর-ভাঙ্গা আঞ্চলিক মহাসড়কের শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক ও কয়েকজন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বিডি২৪লাইভকে জানান, ফরিদপুরগামী এ্যাম্বুলেন্স ও ভাঙ্গাগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়েছে। উদ্ধার কাজ চলছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর