• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১১:১১ রাত

জুলাই থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জুলাইয়ের পর থেকে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। তার মধ্যে ৮০ ভাগ হবে মহিলা।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

মহিলা নেওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আমরা মিডওয়াইফার করব, আমরা কেয়ারগিভার দেব। তারা কেয়ারগিভার কী করবে— আমাদের দেশের প্রসূতিরা চারটি ধাপে ডাক্তারের কাছে যাওয়া বাঞ্ছনীয়। দুটি ধাপে যায়, তৃতীয় ধাপে ওদের পেছনে দালাল লাগে, ক্লিনিকের দালালরা লাগে, লেগে লেগে কোনোক্রমে সিজারিয়ানে নিয়ে যেতে চায়। চারটি ধাপে আমাদের মায়েদের কাছে স্ট্যান্ডবাই কেয়ারগিভার রাখতে চাই, প্রত্যেকটি গ্রামে। যাতে করে মায়েদের স্বাস্থ্যের সুনিশ্চিত সেবা আমরা প্রদান করতে পারি। আমরা মিডওয়াইফার নিতে চাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত ১৭টি বছর ফ্যাসিবাদের আমলে এবং অন্তর্বর্তীকালীন সময়ে এ দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট করেছে। ইউনিসেফ, গ্যাভি, এডিবি’র পক্ষ থেকে ৫ বার তারা অনুরোধ করা সত্ত্বেও প্রাইভেট লোকদের কাছ থেকে হামের টিকাসহ বিভিন্ন টিকা কিনে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য তারা আন্তর্জাতিক পর্যায়ে টিকা সংগ্রহ করতে যায়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সীমাবদ্ধতার ভেতরে আমরা ক্ষমতা গ্রহণ করেছি, আমাদের কাছে কোনো অর্থকড়িও ছিল না যে রাতারাতি আমরা কিছু করতে পারব। এর মধ্যে হামের সংক্রমণ ঘটেছে। এই হাম সংক্রমণের পেছনে বিগত দুটি সরকার দায়ী। প্রত্যেক চার বছর পর পর এমআর টিকার ক্যাম্পেইনিং করার কথা ছিল। কিন্তু ২০২০ এর ডিসেম্বরের পরে তারা সেটি করেনি। যে কারণে আমাদের উপরে এসে পড়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, আল্লাহর অশেষ রহমতে ডোনার দেশগুলোর সহযোগিতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং সুচিন্তিত নির্দেশনায় আমরা অতি স্বল্প সময়ের মধ্যে বলতে পারেন ১৫ দিনের মধ্যে আমরা হামের টিকা সরবরাহের ব্যবস্থা করেছি। এর মধ্যে সরবরাহ দেরি হলে আমাদের আরও লোক মারা যেতে পারে। এ জন্য গ্যাভি নামক একটি সংস্থার কাছে অনেকগুলো হামের টিকা ছিল, সেগুলো আমরা তাদেরকে অনুরোধ করে ধার হিসেবে নিয়েছি। এসব নিয়ে আমরা এপ্রিল মাসের ৪ তারিখ থেকে প্রথমে তাদের নির্দেশনা অনুযায়ী, যে যে জেলায় হামের সংক্রমণ বেশি ছিল, ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা হাম কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে চারটি বড় বড় সিটি কর্পোরেশনে ময়মনসিংহ, বরিশাল, ঢাকা সিটি নর্থ-সাউথে শুরু করেছি।

আমি অত্যন্ত আনন্দিত গত মাসের ২০ তারিখ থেকে আমরা যখন পর্যাপ্ত টিকা পেয়েছি, দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে টিকা কার্যক্রম গ্রহণ করেছি যা এই ২০ তারিখে শেষ হয়েছে। এর মধ্যে আমরা দুই কোটির উপরে বাচ্চাকে টিকা দিতে সক্ষম হয়েছি, যেটা ১০৩ পার্সেন্ট, যা টার্গেটের চেয়েও বেশি। শুধু এই পরিসংখ্যানের উপর আমরা বসে থাকিনি, ক্যাম্পেইন না হলেও এই মাসের ২১ তারিখ থেকে বাংলাদেশের সকল উপজেলায় আমরা কন্টিনিউ করছি, খুঁজে খুঁজে টিকা দিচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আরও বলেন, যেসব মেশিন ইমপোর্ট করে টাকা বেশি মারা যাবে, এ রকম বহু রেডিওথেরাপির মেশিন কিনে হাসপাতালগুলোর বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে, এগুলো অকেজো হয়ে গেছে। আমি খুলনা, ফরিদপুর, অনেক জায়গায় পরিদর্শন করে এসব পেয়েছি।

কোনো স্ট্রাকচার ডিজাইন করে জনবলের প্রয়োজন চাহিদা অনুযায়ী করা হয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক কিছু নেই। এর ভেতরে আমরা কিন্তু ম্যানেজ করে যাচ্ছি। আমাদের ডাক্তাররা ম্যানেজ করে যাচ্ছেন। আমরা হামটাকে মোকাবেলা করেছি। ডেঙ্গুর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে এক লক্ষের উপরে ডেঙ্গুর স্যালাইন ইতোমধ্যে আমরা স্টক করে ফেলেছি। যাতে করে ডেঙ্গু যদি একবার হানা দেয়, আমরা যাতে স্যালাইনের চাহিদা পূরণ করতে পারি।

মন্ত্রী বলেন, অনেক হাসপাতাল ৭০-১০০ বছর হয়েছে। এগুলোকে আমরা নতুনভাবে প্রকল্প নিচ্ছি। এবারের বাজেটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবার খাতে দ্বিতীয় বৃহত্তম বাজেট আমাদেরকে দিচ্ছেন। ইনশাআল্লাহ প্রথম দিন থেকে অর্থাৎ জুলাইয়ের এক তারিখ থেকে আমরা সকল হাসপাতালে স্বাস্থ্যসেবা সুবিধার জন্য যা যা দরকার, সেসব সরবরাহ দেওয়ার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখব।

ঈদের আগের দিন হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা স্বাস্থ্য খাতের মানোন্নয়নে চেষ্টা করছি। ঈদের সময়েও ঘুরে ঘুরে বেড়াচ্ছি। শুধু মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।

আউটসোর্সিংয়ে নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের বিগত সরকারের এই সিস্টেমটাকে আমি সমর্থন করি না। আউটসোর্সিংয়ে কন্ট্রাক্টের ক্ষেত্রে দুই ধরনের দুর্নীতি করে। এক নম্বর অফিসে করে টেন্ডারে। দুই নম্বর যখন রিক্রুট করা হয়, তখন টাকা নেয়। আবার যখন বেতনটা ঠিকাদার দেয় ওইখান থেকেও মান্থলি নেয়। এখানে তিন স্তরে দুর্নীতি হয়। এটাকে আমরা বন্ধ করব।

পরিদর্শনের সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ প্রমুখ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এ সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসিরুজ্জামান প্রমুখসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের জন্য রান্না করা খাবার চেখে দেখেন।

স্বাস্থ্যমন্ত্রী এর আগে সকালে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল দুটির মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]