আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর থাকছে। নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে এবং আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা প্রস্তাবিত নতুন মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামোর বাকি ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে কার্যকর করা হবে। আর ২০২৮-২৯ অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন-ভাতা পাবেন।
আগামী ১১ জুন জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে নতুন বেতন কমিশনের সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণও তুলে ধরা হতে পারে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব আদায়ের সীমাবদ্ধতার কারণে ব্যয় সংকোচনের প্রয়োজন রয়েছে। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বর্তমান অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রয়েছে ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে, ফলে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেয়।
পরবর্তীতে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের উপায় নির্ধারণে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নেতৃত্বে গঠিত কমিটি তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার সেই সুপারিশ অনুযায়ীই এগোচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর সম্মতির পর গত ২১ মে অনুষ্ঠিত বৈঠকে আগামী ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামোর প্রথম ধাপ কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর