• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০২:৫৫ দুপুর

নজরুল-সুইটির সাজা উল্লেখ ছিল না, আবারও ব্যাখ্যা চাইল ঢাকা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির কর্তৃপক্ষের কাছে আবারও কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। দুই বাংলাদেশির মামলার বিবরণ, আদালতের রায় এবং বিচারিক প্রক্রিয়ার নথি চেয়েছে ঢাকা।

সোমবার জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। তবে বৈঠকে দুই বাংলাদেশির মামলার বিষয়ে সৌদি কর্মকর্তার কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরে একই দিন তাঁদের মামলার বিস্তারিত তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষকে আবারও কূটনৈতিক পত্র পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবের পাঠানো বন্দি তালিকায় নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম ছিল। তবে ওই তালিকায় তাঁদের কী সাজা দেওয়া হয়েছে, সে বিষয়ে উল্লেখ ছিল না। এ কারণে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর মামলার বিস্তারিত তথ্য ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চায় বাংলাদেশ।

গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। পরদিন ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠায়। পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছেও ওই পত্র পুনরায় দেওয়া হয়।

সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে নিম্ন আদালত দুই আসামিকে দণ্ড দেন। পরে ১৩ বিচারকের সমন্বয়ে গঠিত আপিল আদালতের প্যানেল তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আদালতের রায় অনুসরণ করে নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক সেলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানানো হয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আদালতের রায়ের কপি হাতে পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা এবং পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে।

তিনি জানান, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর বাংলাদেশ বিষয়টি পর্যালোচনা করবে। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এখন সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। দুই বাংলাদেশির মামলার নথি ও বিচারিক প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বিবরণ হাতে পাওয়ার পরই পরবর্তী করণীয় নির্ধারণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]