ফরিদপুরের মধুখালী ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে মধুখালী উপজেলার বেল্লাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ মনির হোসেন ওরফে রুবেল (২৬) ও আমির হোসেন (২৪) নামে দুইজনকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
এর আগে সোমবার (৮ জুন) রাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র্যাব। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা মোস্তফা কামাল (২৭) ও রাশেদুল ইসলামকে (২৬) আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক চারজন একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরা ও আশপাশের জেলাগুলোতে সরবরাহ করতেন।
বুধবার (১০ জুন) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে র্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর