দেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী জানান, ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের ওপর বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ হারের উৎসে কর কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, গত কয়েক বছরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছিল। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাজারে মূল্য স্থিতিশীল রাখতে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে সরকারের আশা।
এবারের বাজেট দেশের ৫৫তম জাতীয় বাজেট। ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ এখন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে সম্ভাব্য বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩.৬ শতাংশ। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর