পঞ্চগড়ে বেকারত্ব দূরীকরণ এবং প্রান্তিক পর্যায়ের মেধাবী তরুণ-তরুণীদের দোরগোড়ায় চাকরি সেবা পৌঁছে দিতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এই মেলায় জেলার কয়েকশ তরুণ-তরুণী চাকরিদাতা প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তাদের কাছে সরাসরি সিভি দাখিল করেন। মূলত কারিগরি শিক্ষার্থীদের দক্ষতাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে এই মেলার আয়োজন করা হয়েছিল বলে জানান আয়োজকরা।
আয়োজকরা আরও জানান, এবারের মেলায় প্রাণ গ্রুপ, ট্রান্সকম ইলেকট্রনিক্সসহ দেশের নামীদামী ১৪টি কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা রাজধানী ঢাকা থেকে এসে সিভি গ্রহণ করেন। বিভিন্ন পদে চাকরির সুযোগ খুঁজতে মেলায় শত শত তরুণ-তরুণীর ভিড় লক্ষ্য করা যায়।
চাকরি মেলা পরিদর্শন করেন জেলা চেম্বার অব কমার্সের পরিচালক ও সহ-সভাপতি আব্দুস সামাদ পুলক এবং চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি মেহেদি হাসান খান বাবলা। তারা মেলায় আগত তরুণ-তরুণীদের বিভিন্ন প্রতিষ্ঠান বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।
পঞ্চগড় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি জানান, "শিক্ষা শেষে চাকরি খোঁজার দীর্ঘ প্রক্রিয়া অনেক সময় তরুণদের মধ্যে হতাশা বাড়ায়। সেই দূরত্ব কমিয়ে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মুখোমুখি করতেই চাকরি মেলা-২০২৬ এর আয়োজন করা হয়েছে।"
তিনি আরও বলেন, মেলায় প্রথমে চাকরি প্রার্থীরা নিবন্ধন করেন এবং পরে আলাদা আলাদা স্টলে সিভি জমা দেন। সিভি যাচাই-বাছাই করে উপযুক্ত প্রার্থীর মৌখিক সাক্ষাৎকার নিয়ে পরবর্তীতে তাদের নিয়োগ করা হয়।
এবারের চাকরি মেলায় প্রায় তিন শতাধিক তরুণ-তরুণী, বেকার নারী-পুরুষ চাকরির জন্য আবেদন করেন। গত ২০১৭ সাল থেকে পঞ্চগড় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই মেলার আয়োজন করা হচ্ছে। আজকের চাকরি মেলায় দুই শতাধিক আবেদনের প্রেক্ষিতে ৩৪ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রদান করা হয়েছে।
পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে আয়োজিত এ মেলায় চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বলে জানান আয়োজকরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর