বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহায়তায় তাকে আটক করা হয় বলে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে।
সূত্র অনুযায়ী, গত ১২ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে একটি চিঠির মাধ্যমে অবহিত করা হয়। বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন বলেও দাবি করা হচ্ছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করবে দুদক।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও দুবাইয়ে তার গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন বলে জানা গেছে। তিনি বলেছেন, প্রত্যার্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং বিদেশে অবস্থানের কারণে ইন্টারপোলের মাধ্যমে তা কার্যকরের নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এর আগে, ২০২৪ সালের ৪ মে তিনি স্ত্রী ও মেয়েদের সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। এরপর থেকে তিনি আর প্রকাশ্যে দেখা যাননি।
বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে আইজিপির দায়িত্ব পান। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ এই পদে বহাল ছিলেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর