জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা জোগান দেওয়া হবে।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। এবার অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্যসহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো- ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়), করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, এবং কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধ প্রকল্প (১ম সংশোধিত)।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পের তৃতীয় সংশোধনও অনুমোদন পায়।
এই পাঁচটি প্রধান প্রকল্পের বাইরে, ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও চারটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে বিমানসেনা ব্যারাক নির্মাণ, সাভারে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, শমসেরনগর বিমান বাহিনী স্টেশনে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর