কোমরের দুলুনি আর হাসিমুখের পরিচিত ছক পেরিয়ে এবার একেবারে ভিন্ন অবতারে হাজির হচ্ছেন আলিয়া ভাট—স্পাই থ্রিলারের জগতে। টিজারেই তার নতুন রূপের আভাস মিলেছিল।
বুধবার (১৮ জুন) প্রকাশিত ‘আলফা’র আড়াই মিনিটের ট্রেলারে আলিয়াকে দেখা যায় একেবারে ভিন্ন রূপে—যেন এক ক্ষুধার্ত হায়েনা, যেখানে একসঙ্গে মিশে আছে ক্রোধ আর সৌন্দর্যের তীব্রতা।
ট্রেলারের শুরুতেই দেখা যায় ছোট্ট আলিয়া ভাটকে, যিনি ‘সীতা’ রূপে প্রশিক্ষণ নিচ্ছেন বাবার চরিত্রে থাকা ববি দেওলের তত্ত্বাবধানে। পরিচয় ও প্রশিক্ষণের ধাপ পেরিয়ে তিনি জানান দেন নিজের জ্বলে ওঠার ইঙ্গিত—একাই ‘লঙ্কা’ জ্বালিয়ে দেওয়ার দৃঢ় ঘোষণা দেন তিনি।
এরপরই শুরু হয় একের পর এক অ্যাকশন দৃশ্যের ঝড়। পর্দায় আলিয়াকে দেখা যায় কঠোর ও মারকাটারি লুকে, যেখানে তার রূপের চেয়ে বেশি প্রভাব বিস্তার করে তার তীব্র ক্ষোভ ও শক্তি। ট্রেলারের শেষ দিকে তার পারফরম্যান্সে চমকে যেতে দেখা যায় হৃতিক রোশনকে।
ট্রেলারে আলিয়ার পাশাপাশি নজর কাড়েন ববি দেওল ও অনিল কাপুরও। ববি দেওলকে দেখা যায় বিধ্বংসী চরিত্রে, যাকে নিয়ে নেটিজেনরা ‘অ্যানিম্যাল’-এর পর আরও একবার চমকপ্রদ প্রত্যাবর্তনের কথা বলছেন। অন্যদিকে অনিল কাপুরের চরিত্রে রয়েছে গাম্ভীর্য ও ব্যক্তিত্বের দৃঢ় ছাপ।
বলিউডের ট্রেন্ড অনুযায়ী ক্যামিও উপস্থিতিও রয়েছে ছবিতে। ‘পাঠান’, ‘টাইগার’ ও ‘ওয়ার’-এর মতো বড় প্রজেক্টের ধারাবাহিকতায় এবারও চমক হিসেবে থাকছেন হৃতিক রোশন। তবে দর্শকদের প্রত্যাশা ছিল শাহরুখ খান বা সালমান খানের উপস্থিতি নিয়েও।
‘আলফা’ ছবিতে আলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ, যিনি গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছেন। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর