• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ রাত

গভীর রাতে সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে গুলি, হামলা-লুটপাট

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের পেকুয়ায় জায়গাজমির বিরোধের জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় তার ছোট ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলাকারীরা বাড়িতে ঢুকে মালামাল লুটের পর ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলেও অভিযোগ করা হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার (২১ ও ২২ অক্টোবর) উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক গিয়াস উদ্দিনের ছোট ভাই আলা উদ্দিন (৩৭) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করে পেকুয়া থানায় লিখিত এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, বসতভিটার জায়গা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আলা উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত ২১ অক্টোবর সকাল আটটার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসতভিটার পুকুর থেকে মাছ লুটের চেষ্টা করেন। এতে বাধা দিলে আলা উদ্দিনকে মারধর করা হয়। এ সময় তাকে রক্ষা করতে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করা হয় এবং তার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুলটির মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যান। পরে আহত ব্যক্তিদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ওই দিন দিবাগত রাত পৌনে একটার দিকে (২২ অক্টোবর) অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় তৈরি বন্দুক, কিরিচ, দা ও লোহার রড নিয়ে আলা উদ্দিনের বসতঘরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। শব্দ শুনে তিনি ঘর থেকে বের হলে জাহেদ হোছাইন নামের এক ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো কিরিচ দিয়ে মাথায় কোপ দেন। অন্যরাও তাকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যান। যাওয়ার সময় তারা বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে স্থানীয় লোকজন আলা উদ্দিনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এজাহারে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন- একই এলাকার জাহেদ হোছাইন, আশরাফুল মেহরাব মুহিব, আতিকুর রহমান, এনামুল হক, ইখতিয়ার উদ্দিন, মো. আবদুল্লাহ, আবদুল মজিদ, রাশেদ উদ্দিন, শহীদুল ইসলাম, এরশাদ হোছাইন, কামাল হোছাইন ও মো. রাজিব।

আলা উদ্দিনের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাংবাদিক গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করে আসছেন। সাংবাদিক গিয়াস উদ্দিনকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আলা উদ্দিন বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা অত্যন্ত প্রভাবশালী। তাদের হামলার কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান বলেন, এ ঘটনায় একটি লিখিত এজাহার পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই ও তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]