সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করা হয়েছে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১৯ জুন) দেশটির বুর্গেনস্টক রিসোর্টে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত আলোচনা আর অনুষ্ঠিত হচ্ছে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন। ইরানি প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না।
সূত্রগুলোর মতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন এবং চলমান উত্তেজনা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল। তবে আলোচনার কাঠামো ও পরবর্তী পদক্ষেপ এখনো চূড়ান্ত না হওয়ায় বৈঠক এবং সফর—উভয়ই স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট পক্ষগুলো পরবর্তী সময়ে নতুন সময়সূচি ও সিদ্ধান্ত সম্পর্কে জানাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান বহুল আলোচিত একটি সমঝোতা স্মারকে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না থেকে ডিজিটাল পদ্ধতিতে চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
তথ্যসূত্র: দ্য ডন
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর