ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের পারসিয়ান উপসাগরে আটকে থাকা তেলবাহী ট্যাংকারগুলো ধীরে ধীরে হরমুজ প্রণালি অতিক্রম করতে শুরু করেছে। এমন খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা দিয়েছে। আজ বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি লেনদেন হচ্ছে। খবর রয়টার্সের।
আজ বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৬টা ৪৩ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম আউন্স বা ব্যারেল প্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭২ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গতকাল মঙ্গলবারও উভয় বেঞ্চমার্কের দাম প্রায় ১ শতাংশ কমে গত মার্চের পর সর্বনিম্ন স্তরে নেমেছিল।
দেশীয় মুদ্রায় ব্যারেল ও লিটার হিসাব
আন্তর্জাতিক বাজারে ১ ব্যারেল অপরিশোধিত তেল সমান প্রায় ১৫৯ লিটার (১৫৮.৯৮ লিটার)।বর্তমান মার্কিন ডলারের বিনিময় হার (১ ডলার সমান প্রায় ১২৩ টাকা) অনুযায়ী আন্তর্জাতিক বাজার দর দেশীয় মুদ্রায় হিসাব করলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড প্রায় ৯ হাজার ৪৩৫ টাকা (অর্থাৎ, প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৫৯ টাকা ৩০ পয়সা)।
অন্যদিকে ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেল প্রায় ৮ হাজার ৯৬০ টাকা (অর্থাৎ, প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৫৬ টাকা ৩৫ পয়সা)।
উল্লেখ্য, এটি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের কেবল কাঁচামাল দর। এর সঙ্গে রিফাইনারি বা শোধন খরচ, আন্তর্জাতিক পরিবহণ ভাড়া, শুল্ক ও দেশীয় বিপণন ব্যয় যুক্ত হয়ে স্থানীয় বাজারে জ্বালানি তেলের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারিত হয়।
দাম কমার মূল কারণসমূহ
প্রাথমিক শান্তি আলোচনার পর যুক্তরাষ্ট্রের ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করায় ইরানের তেল বিক্রির সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি লেবাননেও যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে।
মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের সিনিয়র ইকোনমিস্ট তোমোমিচি আকুতা বলেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশা এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরু হওয়ার কারণে অপরিশোধিত তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা যদি আরও ইতিবাচকভাবে এগোয়, তবে তেলের দাম যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারে।
মঙ্গলবার ওমান ও ইরান হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের ভবিষ্যৎ প্রশাসনিক রূপরেখা নিয়ে আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে। যদিও ট্রানজিট ফি আদায়ের যেকোনো ইরানি প্রচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তবে চুক্তির স্থায়িত্ব নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান ‘অনির্দিষ্টকালের’ জন্য পারমাণবিক স্থাপনা পরিদর্শনে রাজি হয়েছে, যা ইরান অস্বীকার করেছে।
এর মধ্যেই জাহাজ ট্র্যাকিং ডেটা দেখাচ্ছে, উপসাগরে আটকে থাকা তিনটি সুপারট্যাঙ্কার মঙ্গলবার হরমুজ প্রণালি পার হয়েছে। জাতিসংঘ শিপিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির পর সেখানে আটকে থাকা ১১ হাজার নাবিকসহ শত শত জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়ার (ইভাকুয়েশন প্ল্যান) কাজ চলছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিদিন সীমিত সংখ্যার জাহাজকে পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর