• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
রোহান হাওলাদার
সাব-এডিটর
প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৫:৪২ বিকাল

নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র অবশেষে চোট কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে। দীর্ঘ পুনর্বাসন ও কঠিন সময় পেরিয়ে আবারও সেলেসাওদের জার্সিতে খেলার জন্য প্রস্তুত তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। আর এই ম্যাচেই দলে ফিরতে পারেন নেইমার।

শুধু প্রত্যাবর্তনই নয়, মাঠে নামতে পারলেই ব্রাজিল ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও রিভালদোর একটি বিশেষ রেকর্ডেও ভাগ বসাবেন তিনি।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে বিখ্যাত ১০ নম্বর জার্সিধারী কোনো ফুটবলারকে মাঠে দেখা যায়নি। ফলে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে স্কটল্যান্ড ম্যাচে। কোচ কার্লো আনচেলত্তি যদি নেইমারকে খেলান, তাহলে বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে সর্বোচ্চ ১৪ ম্যাচ খেলার রেকর্ডে পেলে ও রিভালদোর পাশে জায়গা করে নেবেন তিনি।

এ পর্যন্ত বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে ১৩টি ম্যাচ খেলেছেন নেইমার। অন্যদিকে পেলে চারটি বিশ্বকাপ মিলিয়ে এবং রিভালদো দুটি বিশ্বকাপ মিলিয়ে ১৪টি করে ম্যাচ খেলেছেন।

তবে এই রেকর্ড স্পর্শের বিষয়টি নির্ভর করছে স্কটল্যান্ড ম্যাচে তার মাঠে নামার ওপর। ডান পায়ের কাফ মাসেলের চোট কাটিয়ে গত তিন দিন ধরে দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করেছেন নেইমার। যদিও এক মাসের বেশি সময় প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন আনচেলত্তি।

ব্রাজিল কোচের পরিকল্পনা অনুযায়ী, শুরু থেকেই একাদশে না রেখে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বদলি হিসেবে নামানো হতে পারে নেইমারকে। এর মাধ্যমে ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করবে দল। তবে আনচেলত্তি জানিয়েছেন, পুরো ৯০ মিনিট খেলার মতো ফিটনেস এখন নেইমারের রয়েছে।

কোচ বলেন, “ও প্রচুর পরিশ্রম করেছে। ওর পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। প্রয়োজন হলে পুরো ৯০ মিনিটও খেলতে পারবে।”

নেইমার মাঠে নামলে ব্রাজিলের একটি অদ্ভুত রেকর্ডেরও অবসান ঘটবে। মরক্কো ও হাইতির বিপক্ষে আগের দুই ম্যাচে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড়কে ব্যবহার করা হয়নি। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৬২ সালে, যখন ইনজুরির কারণে টানা তিন ম্যাচে পেলের অনুপস্থিতিতে খেলতে হয়েছিল ব্রাজিলকে।

দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও একই ধরনের পরিস্থিতির সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। তবে স্কটল্যান্ড ম্যাচে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

এদিকে আরেকটি ব্যক্তিগত মাইলফলকের দিকেও এগিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে এটি হবে তার ৯৮তম ম্যাচ। এই তালিকায় ১০৫ ম্যাচ নিয়ে সবার ওপরে রয়েছেন পেলে।

ফলে আজকের ম্যাচের পর চলতি বিশ্বকাপেই ১০ নম্বর জার্সি গায়ে নিজের ১০০তম ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে নেইমারের সামনে।

২০২৩ সালের অক্টোবরে পাওয়া চোটের কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল তাকে। ফলে পেলের রেকর্ড ছোঁয়ার যাত্রায় কিছুটা পিছিয়ে পড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে স্কটল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে তার নতুন অধ্যায় ফিরে আসার গল্প, রেকর্ড স্পর্শের গল্প এবং পেলের কীর্তিকে চ্যালেঞ্জ জানানোর গল্প।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]