সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বদলি নামা ইব্রাহিমের করা একমাত্র গোলে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথের দিকে গেলেও তার আগে বল ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার। বক্সের বাইরে বল পেয়ে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। তবে সেই প্রচেষ্টাও রুখে দেয় ভুটানের রক্ষণভাগ।
১৮ মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের ক্রসে বিশ্বনাথের হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৫ মিনিটে ফাঁকা জায়গায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন বিশ্বনাথ।
ম্যাচের ৩৯ মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। সামনে শুধু ভুটানের গোলরক্ষককে পেয়েও বল জালে জড়াতে পারেননি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে অপেক্ষার অবসান ঘটে। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন বদলি নামা ইব্রাহিম।
এরপর আর কোনো গোল না হওয়ায় ইব্রাহিমের একমাত্র গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর