সাভার-আশুলিয়ায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান ও কার্যকর অগ্রগতি দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বুধবার (২৪ জুন) সকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আয়োজিত পুলিশ-জনতা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, সাভার-আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দীর্ঘ ১৭ বছরের নানা অনিয়ম, অপরাধ ও অব্যবস্থাপনা কয়েক মাসে পুরোপুরি দূর করা সম্ভব না হলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
সভায় সভাপতির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, পুলিশের কিছু লজিস্টিক সংকট রয়েছে। বিশেষ করে গত ৫ আগস্টের ঘটনায় বেশ কয়েকটি পুলিশি যানবাহন ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে দি-রোজ গ্রুপ ও স্কাইলাইন গ্রুপ দুটি পুলিশিং গাড়ি উপহার দিয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সাভার-আশুলিয়ায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতারা সভায় অংশ নেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতামত তুলে ধরেন।
সভা শেষে পুলিশের টহল ও যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে জামগড়া পুলিশ ফাঁড়ির জন্য দুটি পুলিশিং গাড়ি হস্তান্তর করা হয়। দি-রোজ গ্রুপ ও স্কাইলাইন গ্রুপের এ উদ্যোগকে স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর