এশিয়ার দুই দেশ ফিলিপাইন ও জাপানে একই দিনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) সংঘটিত এসব ভূমিকম্পে ব্যাপক কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং অন্যান্য ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫৭ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল জেনারেল সান্তোস শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে প্রবল কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের আশঙ্কা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে, শুক্রবার জাপানের চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল চিবার উত্তর-পূর্বাঞ্চলে এবং এর গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। কম্পন রাজধানী টোকিওসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের তৎপরতা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলও কয়েক সপ্তাহ আগে একটি বিধ্বংসী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর