প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন।
রোববার (২৮ জুন) সকালে তিনি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে যান। পূর্বঘোষিত কর্মসূচির বাইরে এ সফর ছিল আকস্মিক।
পরিদর্শনকালে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।
স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেন।
পরিদর্শন শেষে তারেক রহমান স্পারসোকে আরও আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত অগ্রগতি এবং দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম একটি শক্তিশালী মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে কাজ করা জাতীয় প্রতিষ্ঠান।
কুশল/সাএ
সর্বশেষ খবর