চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৬ হাজার ২৮৫ কোটি টাকার বেশি।
রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের ১ থেকে ২৪ তারিখ পর্যন্ত দেশে মোট ২১৩ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ১৯ থেকে ২৪ অক্টোবর—এই ছয় দিনে এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার।
গত বছরের অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১১৪ কোটি ১০ লাখ ডলার। এতে বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ শতাংশে।
দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পারিবারিক ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর