নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়াড়িসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে পৃথক স্থান থেকে এদেরকে কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ক্যাসিনো জুয়াড়িরা হলেন বাজেডুমরিয়া গ্রামের মৃত টেপু বর্মণের ছেলে দিলীপ রায় (৩০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০), মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে মিলন (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)।
অন্যদিকে গ্রেপ্তারকৃত মাদক সেবনকারীরা হলেন মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২২), আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০), পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (১৯) ও মৃত আবতাব আলীর ছেলে মনিকুল ইসলাম (২০)।
বিষয়টি রোববার বেলা সাড়ে তিনটায় নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।
থানা সূত্র জানায়, শনিবার দিবাগত গভীর রাতে খবর আসে কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া গ্রামে ক্যাসিনো জুয়াড়িরা জুয়া খেলছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলারত অবস্থায় চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর গ্রাম থেকে চার মাদকসেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ক্যাসিনো জুয়াড়িদের সাইবার সুরক্ষা আইনে এবং মাদকসেবনকারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের পৃথক মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর