দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দুপুর ২টায় দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে কর্মসূচির উদ্বোধন করবেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, কর্মসূচিটি সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। চলতি বছরে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর