রাজধানী ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এসব অঞ্চলে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে এ তথ্য।
সতর্কবার্তা অনুযায়ী, এদিন দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে এসব অঞ্চলে।
এই পরিস্থিতিতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে মাঝারি ধরনের ভারী অথবা অতি ভারী বর্ষণও হতে পারে দেশের কোথাও কোথাও।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর