নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
আলী আহম্মেদ দুলু দাবি করেন, অতীতে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মূলত বিএনপির রাজনীতিই করতেন। তিনি বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দলের সঙ্গে চললেও তার রাজনৈতিক শিকড় বিএনপিতেই। গত ফেব্রুয়ারিতে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, এতদিন আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেননি। এখন দলীয় অনুমতি পাওয়ায় সাংবাদিকদের সামনে বিএনপিতে যোগদানের ঘোষণা দিচ্ছেন। ভবিষ্যতে বিএনপির রাজনীতির সঙ্গেই থাকবেন এবং বাকি জীবন দলটির হয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।
তবে দুলুর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি আগে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগের পরিচয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি জেলা তাঁতীলীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদও লাভ করেন।
এদিকে আলী আহম্মেদ দুলুর বিএনপিতে যোগদানের দাবির বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি জানান, জেলা আওয়ামী লীগের কোনো উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়েছেন বা যোগ দিতে যাচ্ছেন—এমন কোনো তথ্য তার জানা নেই। বিষয়টি নিয়ে তার সঙ্গে কেউ কোনো ধরনের আলোচনা করেননি বলেও জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর