প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রাথমিক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়। বরখাস্তকৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (০২ জুলাই) প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক আজিজুর রহমান (চঃ দাঃ) স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।
সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়, রংপুর বিভাগের আওতাধীন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর বিরুদ্ধে "মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক" শীর্ষক শিরোনামে একটি অনলাইনে সংবাদ প্রকাশ পায়। জনৈক সাংবাদিকের সাথে আপনার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। আপনি বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। আপনার এ ধরণের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ।
এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) মোতাবেক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। সাময়িক বরখাস্তকালীন তিনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বর্তমান ঠিকানার বাহিরে গমন বা অবস্থান করতে পারবেন না।
উল্লেখ্য যে, এর আগে এ প্রধান শিক্ষক তথ্য নিতে গেলে সাংবাদিককে মারপিট করার ঘটনাও ঘটিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় একটি মামলাও হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর