নীলফামারীর কিশোরগঞ্জে ২ হাজার অসহায় ও দুস্থ ব্যক্তি বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সমাজসেবক আ.ফ.ম শাওনুল হক শাওনের উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের ব্যবস্থাপনায় এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই বিভিন্ন গ্রাম থেকে অসহায় ও দুস্থ নারী-পুরুষরা চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। ৪০ জনের একটি চিকিৎসক দল তাঁদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চিকিৎসাসেবা প্রদান করে। অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চতা অনুযায়ী ওজন নির্ণয়, বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেন।
সকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সিইও আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
এতে প্রধান আলোচক ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো. জাকির হোসেন। উপস্থিত ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের চিকিৎসক জুনাইদ বিন জাকির এবং প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ।
আয়োজকরা জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর